‘২০২৬ সালে মাছের খামারে, ধানক্ষেতে আইওটি ডিভাইস বসবে’
২০২৬ সালে বাংলাদেশের প্রতিটি গ্রামে ফাইভ জি প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, এর ফলে মাছের খামারে কিংবা ধানক্ষেতে আইওটি ডিভাইস বসবে। কারখানায় রোবট স্বাগত জানাবে।
বিজয় সফটওয়্যার ও নেটিজেন আইটি আয়োজিত শিক্ষার ডিজিটাল রূপান্তর সম্মেলনে বক্ততাকালে এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী বলেন, আমাদের সামনে যাওয়ার বড় শক্তির নাম হচ্ছে জনশক্তি। আমরা প্রযুক্তির মহাসড়ক তৈরি করছি। ডিজিটাল প্রযুক্তির মহাসড়কে চলার উপযোগী ডিভাইস তৈরি করার সেই মানুষটি তৈরি করতে হবে। এই লক্ষেই নতুন প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সক্ষম জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের কারিগর হিসেবে গড়ে তোলা অপরিহার্য। এ প্রচেষ্টার অংশ হিসেবে ২০১৮ এবং ২০১৯ সালে শিশুদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা করা হয়েছে। ২০২০ সালে শিশুদের জন্য রোবটিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২০২১ সালের মধ্যে শিক্ষায় ডিজিটালাইজেশনের জন্য প্রয়োজনীয় ভিত্তি প্রস্তুত সম্পন্ন হবে।
মোস্তাফা জব্বার বলেন, বলেন, আমরা একটা রূপান্তরের মধ্যে বসবাস করছি। ছোট বড় মাঝারি কেউ এই রূপান্তর থেকে রেহাই পাবে না। আমরা এখন যে রূপান্তরটা এখন দেখছি তা গত দশ বছরের রূপান্তর। এই রূপান্তরটা সামনের দশ বছরে একহাজার গুণ বেশী পরিবর্তন হবে।
ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নেটিজেন আইটি‘র প্রেসিডেন্ট আসিকুজ্জামানের সভাপতিত্বে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য রাখেন বিজয় ডিজিটাল সফটওয়্যার এর প্রধান নির্বাহী জেসমিন জুঁই।